শিকাগো, ১৮ মার্চ (বাসস/এএফপি) : সাবেক নাৎসী ডেথ ক্যাম্পের রক্ষী ডেমজানজুক ৯১ বছর বয়সে এক বৃদ্ধ নিবাসে মারা গেছেন।
জার্মান এক আদালত গত বছরের মে মাসে তাকে ৫ বছরের সাজা প্রদান করে। তবে আবেদন সাপেক্ষে তাকে মুক্তি দেয়া হয়।
আদালত বলেছে, ডেমজানজুক ১৯৪৩ সালে নাৎসী দখলকৃত পোল্যান্ডে সোবিবর ক্যাম্পের একজন রক্ষী ছিলেন।
ডেমজানজুক এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ছিলেন একজন যুদ্ধবন্দি ও পরিস্থিতির শিকার।
সোবিবর ডেথ ক্যাম্পের রক্ষী হিসেবে দায়িত্ব পালনকালে ৬ মাসের মধ্যে ২৭ হাজারের বেশি লোককে হত্যার সহযোগী হিসেবে তাকে অভিযুক্ত করা হয়।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি ছিলেন ‘পরিস্থিতির শিকার ও বলির পাঠা’।
ডেমজানজুকের পুত্র জন ডেমজানজুক জে আর বলেছেন, ‘আমার পিতা আজ ঈশ্বরের সঙ্গে ঘুমিয়ে আছেন। তিনি শিশুকাল থেকে মৃত্যু অবধি সোভিয়েত ও জার্মান বর্বরতার শিকার হয়েছেন এবং সে অবস্থায় বেঁচে ছিলেন।’
পিতার পক্ষে আইনী লড়াইকারী ডেমজানজুক জে আর এক ই-মেইল বিবৃতিতে এএফপিকে জানান, তার পিতা জীবনকে ভালোবাসতেন, পরিবারকে ভালোবাসতেন, মানবতাকে ভালোবাসতেন এবং যারা তার সান্নিধ্যে গিয়েছেন তারা ও তাকে ভালোবাসতেন। |