সানজুয়ান পুয়ের্তো রিকো, ১৯ মার্চ (বাসস/এএফপি) : যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে লড়াইয়ে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে পুয়ের্তো রিকো রাজ্যের রোববারের প্রাইমারিতে মিট রমনি সহজ জয় পেতে যাচ্ছেন।
রাজ্যের নির্বাচন কমিশন জানায়, এ পর্যন্ত ৩১ শতাংশ এলাকার ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে ম্যাসাচুসেটস’র সাবেক গভর্নর ৮৩ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন।
নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম মাত্র ৮ শতাংশ ভোট পান। সাবেক হাউজ স্পিকার নিউ গিংরিচ ২.১ শতাংশ ভোট পেয়েছেন। এতে রন পল পেয়েছেন ১.২ শতাংশ ভোট।
আংশিক ভোট গণনার ওপর ভিত্তি করে মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, রমনি এ নির্বাচনে সহজ জয় পেতে যাচ্ছেন।
ইলিনয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের মাত্র দু’দিন আগে এ প্রাইমারি অনুষ্ঠিত হয়।
|