চিলপানসিঙ্গো (মেক্সিকো), ২২ মার্চ (বাসস/এএফপি) : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ৩২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় প্রাণহানি ঘটেনি এবং মাত্র ১৩ জন আহত হয়েছে।
বুধবার দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের গভর্নর অ্যাঞ্জেল আকুয়ারে জানান, প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে বৃহস্পতিবারের শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ৩০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে ৮০০ বাড়ি পুরোপুরি ধবংস হয়ে গেছে।
তিনি আরো জানান, বাস্তুচ্যূত প্রায় ২০০ পরিবারের জন্য একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।
পার্শ্ববর্তী ওয়াক্সাকা রাজ্যের গভর্নর গাবিনো জানান, ভূমিকম্পে দুই হাজার বাড়িঘরের পাশাপাশি বেশ কয়েকটি সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেক্সিকো শহরে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পারিমাণ আরো সীমিত ছিল। কিন্তু মেয়র মার্সেলো এব্রার্ড জানান, পানির পাইপ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রায় আড়াই লাখ লোক পানি ছাড়াই দিনাতিপাত করছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় পর্যটনকেন্দ্র অ্যাকাপুলকোর দক্ষিণে। ১৯৮৫ সালের পর এটা দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ১৯৮৫ সালের ওই ভূমিকম্পে রাজধানীর চারপাশের পুরো এলাকা ধ্বংস হয় এবং হাজার হাজার লোক প্রাণ হারায়।
জাতীয় ভূকম্পনতত্ত্ব বিভাগ জানায়, মঙ্গলবারের ভূমিকম্পের পর ৪০টির বেশি ছোট ছোট কম্পন হয়। রিখটার স্কেলে এগুলোর তীব্রতা ছিল ৫। এতে দেশটির রাজধানীসহ দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো কেঁপে ওঠে। |