নিউইয়র্ক, ১৫ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন নির্বাচনী তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকার অনেক নাগরিকের অসন্তুষ্টি সত্ত্বেও তিনি এক্ষেত্রে এগিয়ে রয়েছেন। নতুন জনমত জরিপ থেকে একথা জানা যায়।
সিবিএস নিউজ ও নিউইয়র্ক টাইমস সংবাদপত্রের ওই যৌথ জরিপে দেখা যায়, আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৪৯ শতাংশ ভোটার ওবামাকে এবং ৪৬ শতাংশ ভোটার রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনিকে তাদের সমর্থন জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
জরিপে অংশ নেয়া মাত্র ৪ শতাংশ ভোটার জানান, তারা নির্বাচনে কাকে বেছে নেবেন সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি।
তবে চার বছর আগের চেয়ে দেশ এখন ভাল চলছে, না খারাপ চলছে, এমন প্রশ্নের জবাবে ৩৬ শতাংশ ভোটার দেশ ভাল চলার কথা জানালেও ৩৯ শতাংশ ভোটার দেশের পরিস্থিতি খারাপ বলে জানান।
জরিপে বলা হয়, ৬৫ ও এর বেশি বয়সের ভোটারের কাছে রমনি ওবামার চেয়ে বেশি জনপ্রিয়। তবে তরুণ ভোটারদের কাছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বেশি জনপ্রিয়।
জরিপে আরো বলা হয়, নারী ভোটারদের কাছেও ওবামা রমনির চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। এক্ষেত্রে ৫৩ শতাংশ নারী ভোটার ওবামাকে ও ৪১ শতাংশ রমনিকে সমর্থন জানান।
তবে জরিপে পুরুষ ভোটারদের কাছে রমনি ওবামার চেয়ে এগিয়ে রয়েছেন। এক্ষেত্রে ৫২ শতাংশ পুরুষ ভোটার রমনিকে ও ৪৪ শতাংশ ওবামাকে সমর্থন জানান।
উল্লেখ্য, ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত টেলিফোনে এই জরিপ চালানো হয়। এতে দেশব্যাপী এক হাজার ৩০১ জন ভোটার অংশ নেন। |