মেক্সিকো সিটি, ১৭ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কের পাশ থেকে রোববার গুলিবিদ্ধ ও শেকলে বাঁধা ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত সহিংসতার জের ধরে তাদের হত্যা করা হয়। কারণ দেশটির পশ্চিমাঞ্চল প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের রণক্ষেত্র হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানে চড়ে কিছু লোক এসে লাশগুলো ফেলে চলে যায়। লাশগুলো শেকলে বাঁধা ছিল।
স্টেট প্রসিকিউটর থমাস করনাডো বলেন, এসব লোককে সম্ভবত অন্য কোথাও হত্যা করে এখানে এনে ফেলা হয়।
কর্মকর্তারা জানান, নিচোয়াজান সীমান্ত সংলগ্ন তিজাপান শহরের কাছ থেকে এসব লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেফতার কিংবা কেউ এর দায়-দায়িত্ব স্বীকার করেনি। |