ওয়াশিংটন, ১৭ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : বিশ্বের তৃতীয় সেরা ধনী ও অন্যতম বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা শেষ হয়েছে। ওমাহা ওয়ার্ল্ড-হেরাল্ডের ওয়েবসাইটের খবরে এ কথা বলা হয়।
শুক্রবার পত্রপত্রিকার নির্বাহীদের তিনি বলেন, ‘আমার জীবনের জন্য আজ অত্যন্ত আনন্দের দিন। কারণ আমার ক্যান্সার চিকিৎসার রেডিয়েশন থেরাপি নেয়ার আজ ৪৪তম ও শেষ দিন।’
উল্লেখ্য, এপ্রিল মাসে জানা যায় বাফেট প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। তবে তার ক্যান্সার প্রাথমিক পর্যায়েই ধরা পড়ে। তখন থেকেই চিকিৎসা শুরু হয়।
৮২ বছর বয়সী বাফেট আরো বলেন, ‘ক্যান্সার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও এটি শেষ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
উল্লেখ্য, এ বছরের গোড়ার দিকে প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নামের তালিকায় বাফেটের অবস্থান ছিল তিন নম্বরে।
ফোর্বস এই নামের তালিকা প্রকাশ করে। |