লস অ্যাঞ্জেলেস, ১৭ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনির সোমবার হিসপানিক ভোটারদের উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে। তিনি এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের সুন্দর জীবনযাপনের স্বপ্ন বাস্তবায়নে একটি স্থায়ী অভিবাসন আইন প্রণয়নে কাজ করার অঙ্গীকার করবেন।
লস অ্যাঞ্জেলেসে হিসপানিক চেম্বার অব কমার্সের সদস্যদের সামনে রমনি যে ভাষণ দেবেন তার গুরুত্বপূর্ণ কিছু অংশ রোববার রিপাবলিকান শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয়।
রমনি ভোটারদের আকৃষ্ট করতে তার ভাষণে হিসপানিকদের প্রতি বিশ্বাস রাখার কথা তুলে ধরে বলবেন, সরকারের চেয়ে ভাল কিছু করার ক্ষমতা হিসপানিকদের রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলবেন, ‘আমি বিশ্বাস করি আপনারা স্বাধীনভাবে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন এবং আমাদের ও আমাদের সন্তানদের জন্য একটি শক্তিশালী ভবিষ্যত গড়ে তুলবেন। জনগণের অবাধ স্বাধীনতায় বিশ্বাস ও স্বাধীনভাবে মত প্রকাশের চর্চা আমেরিকার ঐতিহ্য। এ কারণে আমেরিকা সারাবিশ্বে উল্লেখযোগ্য কর্মসম্পাদন করছে।’
রমনি ল্যাটিন ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট বারাক বোমার জনপ্রিয়তা এখন বাজিয়ে দেখতে এবং নেভাডা, কলোরাডো ও ফ্লোরিডার মত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোটারদের আকর্ষণই তার ভাষণের মূল লক্ষ্য। এসব অঙ্গরাজ্যে বসবাসরত হিসপানিক ভোটাররা আগামী ৬ নভেম্বরের নির্বাচনে নিয়ামকের ভূমিকা পালন করতে পারেন।
যুক্তরাষ্ট্রে বর্তমানে গড় বেকারত্বের হার ৮ দশমিক ১ শতাংশ। এর মধ্যে হিসপানিকদের বেকারত্বের হার ১০ শতাংশের বেশি। রমনি এনিয়েও বক্তৃতা রাখবেন। |