মস্কো, ১৭ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : নাসার নভোচারি সুনিতা উইলিয়ামস সোমবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দায়িত্ব নিলেন। গত ১৪ বছরে আইএসএসের দায়িত্ব নেয়া তিনি দ্বিতীয় নারী। একজন নারী হিসেবে সুনিতার রয়েছে দীর্ঘসময় মহাকাশ ভ্রমণের রেকর্ড।
এর আগে রোববার আইএসএস থেকে তিন নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। তারা হলেন মার্কিন নভোচারী জো আকাবা এবং রাশিয়ার গেনাদি পাদালকা ও সের্গেই রেভিন।
তিনজন ক্রু’র সকলে নিরাপদ রয়েছেন বলে নাসার ওয়েবসাইটে উল্লেখ করা হয়।
জুলাই মাস থেকে মহাকাশে থাকা সুনিতা রুশ নভোচারি গেনাদি পাদালকার কাছ থেকে আইএসএসের দায়িত্ব নেন। সুনিতার নভেম্বরে পৃথিবীতে ফিরে আসার কথা।
দায়িত্ব গ্রহণকালে সুনিতা তার ক্র-মেটদের উদ্দেশে বলেন, ‘আমি আমাদের ক্রু সদস্যদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারাই আমাদের মহাকাশে থেকে কীভাবে কাজ করতে হয় তা শিখিয়েছেন। এছাড়াও তারাই আমাদের এই মহাকাশে সুন্দর সময় উপহার দিচ্ছেন।’ |