বেইজিং, ২০ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিয়ন পানেট্টার বৃহস্পতিবার চীনের একটি নৌঘাঁটি পরিদর্শনের কথা রয়েছে।
তিনি চীনের পূর্বাঞ্চলের বন্দর নগরী কিংদাওয়ে উত্তরাঞ্চলীয় নৌবহরের সদর দপ্তর পরিদর্শন করবেন। এই প্রথম কোন পেন্টাগন প্রধান চীনের একটি নৌঘাঁটি পরিদর্শন করছেন।
চীনা কর্মকর্তারা পানেট্টার একটি নৌবহর পরিদর্শনের সব কর্মসূচী সুচারুরুপে সম্পাদনের অঙ্গীকার করেছেন। এর একদিন আগে পানেট্টা বেইজিংয়ে একটি প্রকৌশলী একাডেমিতে সেনা ক্যাডেটদের উদ্দেশে বক্তৃতা করেন।
পানেট্টা সেনা ক্যাডেট ও তরুণ কর্মকর্তাদের সামনে বক্তৃতাকালে বলেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের শক্তি খর্ব করা যুক্তরাষ্ট্রের কৌশল নয়। তবে বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালাচ্ছে।
|