রাজশাহী, ১১ এপ্রিল (বাসস) : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, সাংবাদিকতা প্রবল ঝুঁকিপূর্ণ পেশা। সত্য কথা লিখলে স্বার্থান্বেষীদের আঁতে ঘা লাগে, সাংবাদিকরা অনেকের বিরাগভাজন হন। আর এ কারণে তাদেরকে অনেক সময় হামলার শিকার হতে হয়। এমন কি জীবনও দিতে হয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী এসোসিয়েশন ভবনের মিলনায়তনে রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের পরিচালনা পর্ষদের অভিষেক এবং সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাজশাহীর বিশিষ্ট তিনজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। এরা হচ্ছেনÑ প্রয়াত মুহাম্মদ আব্দুস সামাদ, প্রয়াত শাহ আনিসুর রহমান ও প্রয়াত মহম্মদ মঞ্জুরুল হক।
মেয়র বলেন, সাংবাদিকদের পুরো জীবন বিশেষ করে শেষ বয়সটা অর্থনৈতিকসহ নানান ধরনের ঝুঁকির মধ্যে কাটে। এ কারণে সাংবাদিকদের কল্যাণ করা জরুরি। আর এ লক্ষ্যে গঠন করা হয়েছে রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিল যা একটি প্রশংসনীয় উদ্যোগ।
মেয়র বলেন, এই উদ্যোগের সাথে তিনি শুরু থেকেই ছিলেন আগামীতেও থেকে সার্বিক সহায়তা করবেন। সাংবাদিকদের অর্থনীতিসহ সার্বিক সবধরনের নিরাপত্তা এই সংগঠনটি নিশ্চিত করবে বলে মেয়র আশা প্রকাশ করেন।
মেয়র বলেন, আমরা সাংবাদিক সমাজকে এক কাতারে, এক ছাদের নিচে আনতে চাই। আমরা আশা করবো দলমতের উর্ধ্বে থেকে পেশার স্বার্থে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবেন। আর এটা সফল হওয়ার জন্য এক সময় সব অন্তরায় দুর হয়ে যাবে।
তিন জন প্রয়াত সাংবাদিকের স্মৃতিচারণ করাকে ভাল উদ্যোগ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বেঁচে থাকতেই যেন গুণীরা সম্মানিত হন সেই উদ্যোগ নিতে হবে।
মেয়র সাংবাদিকদের জন্য ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে কল্যাণ তহবিলকে আহবান জানিয়ে বলেন, এ ক্ষেত্রে তার সহায়তা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল হান্নান ও রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার।
সভাপতিত্ব করেন, রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান মো: লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন, মহাসচিব রেজাউল করিম রাজু। সাংবাদিক কল্যাণ তহবিলের পরিচালক অর্থ আকবারুল হাসান মিল্লাতের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক এম এ মোহায়মিন, হিসাম উদ্দিন আহমদ, তহবিলের নির্বাচন কমিশনার অ্যাড: আব্দুস সামাদ, দলিল লেখক সমিতির সভাপতি এম এলাহী বকস মন্ডল, ব্যবসায়ী মাহফুজুল আলম লোটন, ওয়ালিউর রহমান বাবু, আজিজুন্নাহার ইতি প্রমুখ।
বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, সাংবাদিকদের ঐক্যের মধ্যে দিয়ে কল্যাণের পথ ধরে এগিয়ে যেতে হবে।