ব্রিসবেন, ৪ মার্চ (বাসস/এএফপি) : কমনওয়েলথ ব্যাংক সিরিজের বেস্ট অব থ্রি’র প্রথম ফাইনাল জিতলো স্বাগতিক অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে অসিরা ১৫ রানে হারিয়েছে শ্রীলংকাকে।
ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৬ রানের সূচনা পায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েড দলকে দুরন্ত সূচনা এনে দেন। ৬৪ রান করে ওয়েড বিদায় নিলেও, শেন ওয়াটসনকে নিয়ে রানের চাকা সচল রাখেন ওয়ার্নার। এরই মাঝে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ১৮ ম্যাচ পর তিন অংকে পা রাখলেন ড্যাশিং ওপেনার। তবে ওয়াটসনও ব্যক্তিগত ২১ রানে বিদায় নিলে, ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে নিয়ে আবারো রান তোলায় ব্যস্ত হয়ে পড়েন ওয়ার্নার। তবে ক্রিস্টিয়ান ১০ ও ডেভিড হাসি ১ রানে ফিরে গেলেও, রান তোলার গতিতে কোন সমস্যা হয়নি অসিদের। পঞ্চম উইকেটে ওয়ার্নারের সাথে ৬৪ রানের জুটি গড়ে নামের পাশে ৩৭ রান নিয়ে সাজঘরের পথ ধরেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলকে ৬ উইকেটে ৩২১ রানের বড় সংগ্রহ এনে দেন ওয়ার্নার। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ১৬৩ রান করেন ওয়ার্নার। তার ১৫৭ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা ছিল। শ্রীলংকার পক্ষে ৫১ রানের খর্চায় ২টি উইকেট নেন ধাম্মিকা প্রসাদ।
জবাবে স্বাগতিকদের মত উড়ন্ত সূচনা না পেলেও, উদ্বোধনী জুটিতে ৩৯ রান পায় শ্রীলংকা। তবে এক পর্যায়ে উইকেট হারাতে থাকলে, লংকানদের স্কোর গিয়ে দাড়াঁয় ৬ উইকেটে ১৪৪ রানে। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ১৪, তিলকরতেœ দিলশান ২৭, কুমার সাঙ্গাকারা ৪২, দীনেশ চান্ডিমাল ও লাহিরু থিরিমানে ১৪ রান করে এবং পারভেজ মাহরুফ ৮ রান করেন। আর তাতেই লংকানদের হারটা সময়ের ব্যাপার হয়ে দাড়ায়। কিন্তু সেখান থেকে দলকে টেনে তুলেন ছয় নম্বরে নামা উপল থারাঙ্গা ও বোলার নুয়ান কুলাসেকেরা। সপ্তম উইকেটে এই জুটি দলকে এনে দেন ১০৪ রান। আর তাতেই আবারো জয়ের স্বপ্ন দেখতে থাকে লংকানরা। কিন্তু থারাঙ্গা ৬০ ও কুলাসেকেরা ৭৩ রানে বিদায় নিলে নিশ্চিত হয়ে যায় অজিদের জয়। শেষদিকে ধাম্মিকা প্রসাদের ঝড়ো ২১ বলে ৩১ রানে হারের ব্যবধানই কমাতে পেরেছে শ্রীলংকা। ৪ বল বাকী থাকতেই ৩০৬ রানে গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার অফ-স্পিনার ডেভিড হাছি ৪ উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন অজিদের ডেভিড ওয়ার্নার।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৩২১/৬, ৫০ ওভার (ডেভিড ওয়ার্নার ১৬৩, ম্যাথু ওয়েড ৬৪, ধাম্মিকা প্রসাদ ২/৫১)।
শ্রীলংকা ৩০৬/১০, ৪৯.২ ওভার (নুয়ান কুলাসেকেরা ৭৩, উপল থারাঙ্গা ৬০, ডেভিড হাসি ৪/৪৩)।
ফলাফল : অস্ট্রেলিয়া ১৫ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)।
সিরিজ : তিন ম্যাচের ফাইনালে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে। |