রোম, ১০ মার্চ (বাসস/এএফপি) : অবশেষে সাত ম্যাচ পর ইতালিয়ান লীগে জয়ের দেখা পেল জনপ্রিয় ক্লাব ইন্টার মিলান। গতরাতে নিজেদের ২৭তম ম্যাচে শেষ তিন মিনিটে আর্জেন্টাইন দুই তারকা খেলোয়াড়ের দেয়া দুই গোলে মিলান হারায় চিভো ভারোনাকে।
চলতি মৌসুমটা মোটেও ভালো কাটছে না ইতালির জনপ্রিয় ক্লাব ইন্টার মিলানের। হার দিয়ে লীগ শুরু করলেও, মাঝপথে এসে জয় নামের সোনার হরিনের সাথে পরিচিতি পর্ব সাড়ে তারা। কিন্তু শেষ সাত ম্যাচে যাচ্ছেতাই পারফরমেন্সের মধ্যে ডুব দেয় মিলান। এরমধ্যে দুটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও, পাঁচটি ম্যাচে হারের সীল গায়ে লাগিয়ে মাঠ ছাড়ে ক্লাইডি রানেরির শিষ্যরা। অবশেষে দুঃস্মৃতিকে পিছনে ফেলে সাত ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইন্টার মিলান।
ম্যাচটি প্রতিপক্ষের মাঠে হওয়ায় আরো একটি হার নিশ্চিতভাবেই অপেক্ষা করছিল ইন্টার মিলানের জন্য। কারণ বর্তমানের ফর্মই সেরকম ইঙ্গিত দিচ্ছিল তাদের। তবে এই ম্যাচের শুরু থেকে ভাগ্যে সাথেই ছিল মিলানের। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যাবার সুর্বন সুযোগও পেয়ে যায় নীল-কালো জার্সিধারীরা। আর্জেন্টাইন ফরোয়ার্ড ডিয়াগো মিলিতো পেনাল্টিটি কাজে লাগাতে না পারলে স্কোর বোর্ডে সংখ্যায় কোন পরিবর্তন আনতে পারেনি তারা।
ফলে গোলশূন্যভাবেই এগিয়ে যায় ম্যাচটি। তবে এর মাঝে মধ্যমাঠের দখল নিয়ে আক্রমনের নকশা সাজাতে থাকে দু’দলই। কিন্তু কোনভাবেই বলকে জালের স্পর্শ করাতে পারছিল না তারা। তবে বল দখলেও অনেকাংশে এগিয়ে ছিল ইন্টার মিলান। কিন্তু তাতে তো কোন লাভ নেই, যদি না ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে আনতে পারে তারা।
এরই মধ্যে ঘড়ির কাটা জানান দিতে থাকে ম্যাচের আয়ু। ৮৬ মিনিট পর্যন্ত নিশ্চিত ভাবেই বলা যাচ্ছিল, এই ম্যাচ থেকে জয়ের স্বাদ পেল না ইন্টার মিলান। কিন্তু ৮৭ মিনিটে সেই বন্ধ্যাত্ব ঘোচায় মিলান। ওয়েসলি স্নাইডারের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে দলকে ম্যাচে এগিয়ে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার ওয়ালটার স্যামুয়েল।
আর তাতেই আনন্দে নেচে উঠে মিলানের ভক্তরা। সেই আনন্দের মাত্রাটা আরো বাড়িয়ে দেন পেনাল্টি মিস করা মিলিতো। ম্যাচের শেষ মূর্হুতে গোলের ব্যবধান দ্বিগুন ঐ মিলিতোই। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি হাফ ছেড়ে বাঁেচ মিলান।
ইন্টার মিলানের এই জয়ে সাথে সাথে তৃপ্তির ঢেকুঁরও তুললেন দলের কোচ ক্লাইডি রানেরি। দলের বর্তমান পারফরমেন্সে তার দায়িত্ব নিয়েও চারিদিকে জন্ম নিচ্ছে অনেক প্রশ্ন। সেই সব প্রশ্নে যে নিজেও বেশ চাপে ছিলেন রানেরি, ম্যাচ শেষে তার কন্ঠেই তা স্পষ্ট। তিনি বলেন, ‘দলের এই পারফরমেন্সে আমি খুবই খুশি। ম্যাচের শুরু থেকেই তারা খুবই ভালো খেলেছে, তাই জয়টি প্রাপ্য ছিল। পুরো এক মাস আমরা জয়বিহীন ছিলাম। অবশেষে তা দূর হয়েছে, এজন্য আমি খুশি’।
এই জয়ে ২৭ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠে এল ইন্টার মিলান। আর সমানসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দশম স্থানেই রয়েছে চিভো ভারোনা। এছাড়া দিনের অন্য ম্যাচে নাপোলি ৬-৩ গোলে হারিয়েছে কাগলারিয়াকে।