ঢাকা, ১২ এপ্রিল (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে জয়ের ধারা ধরে রেখেছে মোহামেডান। নিজেদের নবম ম্যাচে মোহামেডান ৩-১ গোলে হারিয়েছে আরামবাগকে।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমে লিড নেয় মোহামেডান। ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে পদন নাইজেরিয়ান রিক্রুট বাসডেন উইলকক্স। প্রথমার্ধের বাকী সময় ধারালো কোন আক্রমণ দু’দল করতে না পারলে, ঐ এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় সাদা-কালো জার্সিধারীরা।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে লিডটাকে দ্বিগুন করার সুযোগ পেয়েছিল মোহামেডান। কিন্তু আরামবাগের ডিফেন্ডার বিপ্লব দাসের দৃঢ়তায় তা ভেস্তে যায়। কিন্তু তাতেও দমিয়ে রাখা যায়নি তাদের। ৬৪ মিনিটে একক প্রচেষ্টায় দু’জনকে কাটিয়ে ব্যবধান দ্বিগুন করেন প্রথম গোলের মালিক উইলকক্স।
এই গোলের আনন্দ কাটতে না কাটতে ম্যাচে তৃতীয় গোল পেয়ে যায় মতিঝিলের ক্লাবটি। শরিফুলের সহায়তায় গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন ওয়াহেদ। আর শেষ মিনিটে পেনাল্টি থেকে সান্তনাসূচক গোল করে হারের ব্যবধান কমান আরামবাগের জোয়েল। এই জয়ে ৯ খেলা শেষে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে উঠে এল মোহামেডান। আর সমানসংখ্যক ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ আরামবাগের। |