মাদ্রিদ, ১২ এপ্রিল (বাসস/এএফপি) : জয়ের ধারায় ফিরে আসলো রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে স্প্যানিশ লীগে গতরাতে রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে।
আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথে গোলশুণ্য ড্র করে পয়েন্ট খুইয়েছিল রিয়াল মাদ্রিদ। আর তাতে লাভটা হয়েছে বার্সেলোনার। রিয়ালের খুব কাছে এসে পড়ল তারা। গ্যালাকটিকোদের সাথে ক্যাটালানদের পয়েন্ট ব্যবধান গিয়ে দাড়াঁয় ৪-এ। তবে ঐ ম্যাচের হতাশা ভুলে আবারো জয়ের স্বাদ পেল হোসে মরিনহোর শিষ্যরা।
অ্যাথলেটিকোর মাদ্রিদের মাঠে প্রথম গোলের স্বাদ পায় রিয়াল মাদ্রিদ। ২৫ মিনিটে গোলটি করেন পর্তুগীজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই গোলের আনন্দ নিয়ে রিয়াল ম্যাচের প্রথমভাগ শেষ করলেও, দ্বিতীয়ার্ধে সেই আনন্দে ভাগ বসায় স্বাগতিকরা।
ম্যাচের ৫৫ মিনিটে ফালকায়োর গোলে সমতা পায় অ্যাথলেটিকো মাদ্রিদ। তাতে আবারো পয়েন্ট নষ্ট করার শংকা উকিঝুঁকি মারতে থাকে সফরকারীদের সামনে। রিয়ালের সেই শংকা দূর করেন প্রথম গোলের মালিক রোনাল্ডো।
৬৮ মিনিটে নিজের গোলের পাশাপাশি দলকে আবারো এগিয়ে দেন রোনাল্ডো। এগিয়ে যাবার দূরত্বটাকে আরো বড় করেন ঐ রোনাল্ডোই। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সেই সাথে বার্সেলোনার লিওনেল মেসিকে টপকে গোলদাতার শীর্ষে উঠে এলেন রোনাল্ডো। ৪০ গোল নিয়ে সবার উপরে রোনাল্ডো। এক গোল কম নিয়ে দ্বিতীয়স্থানে আছেন মেসি।
দলের সেরা তারকার হ্যাটট্রিকে যখন উচ্ছসিত রিয়াল শিবির, ঠিক তখুনি আরো একটি গোল করে ব্যবধানটা আরো বাড়িয়ে দেন স্পেনের ফরোয়ার্ড হোসে মারিয়া। ম্যাচের নির্ধারিত সময় শেষ হবার ৩ মিনিট আগে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন তিনি। আর তাতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ফলে ৩২ খেলা শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকলো অ্যাথলেটিকো মাদ্রিদ।
এদিকে, দিনের অন্যান্য ম্যাচে স্পোটিং গিজন ৩-২ গোলে লেভান্তেকে, ভ্যালেন্সিয়া ৪-১ গোলে রাও ভালকানোকে হারিয়েছে। তবে গ্রানাডা ও অ্যাথলেটিকো বিলবাও-এর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। |