মাদ্রিদ, ১৭ সেপ্টেম্বর (বাসস/এএফপি) : মঙ্গলবার সানতিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লীগের লড়াইয়ে প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। কিন্তু লা লিগাতে নিজেদের প্রচলিত ধারার বাইরে ভিন্ন এক আবহে চলতে থাকা রিয়ালের সামনে সিটি যেন এক কঠিন লড়াইয়ের ইঙ্গিত নিয়ে মাঠে নামছে। লা লিগাতে এখন পর্যন্ত নিজেদের খুঁজে না পাওয়া রিয়ালের জন্য সত্যিকার অর্থেই আত্মবিশ্বাস খুঁজে পাবার ম্যাচে পরিণত হয়েছে ম্যাচটি।
শক্তিশালী গ্র“প হিসেবে ইতোমধ্যেই চিহ্নিত গ্র“প ডি’তে রিয়াল ও সিটি ছাড়াও অপর দুটি দল হচ্ছে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্স এবং বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লীগের শীর্ষ দল হিসেবে নিজেদের প্রমান করার জন্য রিয়াল ও সিটি উভয় দলের জন্যই কালকের ম্যাচটিতে জয়লাভ করাটা খুব জরুরী।
গত দুই বছরে সেমিফাইালেই বিদায় নিতে হয়েছিল মাদ্রিদকে। অন্যদিকে প্রথমবারের মত গত মৌসুমে চ্যাম্পিয়নস লীগ খেলার সুযোগ পাওয়া সিটি গ্র“পে বায়ার্ন মিউনিখের কাছে পরাস্ত হয়ে গ্র“প পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এই বায়ার্ন মিউনিখই সেমিফাইনালে মাদ্রিদকে পরাজিত করে ফাইনালে উঠে শেষ পর্যন্ত রানার্স-আপ হয়েছিল। ইউরোপীয়ান কোন শিরোপা হিসেবে সিটি ১৯৭০ সালে ইউরোপীয়ান কাপ শিরোপা জিতেছিল। এখন পর্যন্ত সেটাই তাদের একমাত্র ইউরোপীয়ান শিরোপা। কিন্তু ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মত ইংলিশ লীগের শিরোপা জেতার পরে মঙ্গলবার যখন তারা বার্নাব্যুতে মাঠে নামছে তখন সকলের অন্তত একটি বিষয় মনে করতে হবে অবশেষ ইউরোপীয়ন ফুটবলের শীর্ষ দলগুলোকে চ্যালেঞ্জ করার যোগ্যতা সিটির হয়েছে।
অন্যদিকে চ্যাম্পিয়নস লীগের শুরুটা খুব একটা ভাল অবস্থানে থেকে করতে পারছে না রিয়াল। শনিবার সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পরে লা লিগার চার ম্যাচে এখন তাদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। ২০০১-০২ মৌসুমের পরে এটাই লা লিগাতে রিয়ালের সবচেয়ে বাজে শুরু।
যদিও ঐ বছর ভিসেন্টে ডেল বস্কর দল একইভাবে প্রথম চার ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করেছিল। কিন্তু গ্ল্যাসগোতে বায়ার লিভারকুসেনের বিপক্ষে ২-১ গোলে জয়ী হয়ে নবমবারের মত চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছিল। আর দশমবারের মত সেই শিরোপা জেতার পথে রিয়ালের স্বপ্ন এখনও অধরাই থেকে গেছে। যদিও কোচ হোসে মরিনহোর দক্ষতা নিয়ে এখন পর্যন্ত সমালোচকরা সে ধরনের কোন প্রশ্ন তুলেনি। কিন্তু লা লিগাতে এত বাজে শুরুর পরে দলীয় আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যাচ্ছে এতে কোন সন্দেহ নেই। একের পর এক পরাজয় এবং ড্রয়ে ইতোমধ্যেই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তাদের থেকে আট পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে। আর এর ফলে পর্তুগীজ কোচের সামনে সতর্ক ঘন্টা বাজা শুরু হয়ে গেছে। দলের পারফরমেন্সে হতাশ মরিনহো তাই বলেছেন, ”পয়েন্টের ব্যবধানের থেকে আমি আমর দল নিয়ে বেশী চিন্তিত। আর বাস্তবতা হচ্ছে মৌসুম শুরুর পরে আমরা শুধুমাত্র সুপার কাপে বার্সার বিপক্ষে কিছুটা ভাল খেলেছি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এবং গ্রেনাডার বিপক্ষে পারফরমেন্স অল্প কিছুটা ভাল হয়েছে। এই মুহুর্তে আমার কাছে কোন দল নেই।”
শনিবার স্টোকের সাথে সিটির ১-১ গোলে ড্রয়ের অর্থ হচ্ছে প্রিমিয়ার লীগে এখনও তারা অপরাজিত রয়েছে। আর স্টোকের সাথে সাবেক মাদ্রিদ খেলোয়াড় জাভি গ্রেসিয়ার গোলেই ম্যাচে সমতা ফেরায় সিটি। এটি ছিল গ্রেসিয়ার প্রিমিয়ার লীগে অভিষেক ম্যাচ। বেনফিকা থেকে ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো গ্রেসিয়া বার্নাব্যুতে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। মঙ্গলবারের ম্যাচেও তিনি দলের পক্ষে অবদান রাখতে চান। এ সম্পর্কে তিনি বলেন, ”প্রথম লক্ষ্য হচ্ছে প্রিমিয়ার লীগে লড়াই চালিয়ে যাওয়া। কারন দীর্ঘদিন শিরোপা বঞ্চিত থাকার পরে গতবারের শিরোপাটার মাধ্যমে সমর্থকরা আবারও মাঠে নিজেদের প্রিয় দলকে খুঁজে পেয়েছে। কিন্তু একইসাথে এটাও ঠিক যে চ্যাম্পিয়নস লীগেও আমাদের নিজেদের প্রমান করতে হবে।”
সিটি কোচ রবার্তো মানচিনিও চ্যাম্পিয়নস লীগের দিকে গুরুত্ব দিতে চাচ্ছেন । তিনি বলেন, এটা স্পষ্ট যে রিয়াল মাদ্রিদের মত সমৃদ্ধ ইতিহাস আমাদের নেই। কিন্তু আমি বিশ্বাস করি ম্যানচেস্টার সিটি কিছু শিরোপা জিততে পারে এবং আমরা আগামী ১০ বছরে আরো কিছু শিরোপা জিততে চাই।
হাঁটুর ইনজুরির কারণে স্টোকের বিপক্ষে মাঠে নামেননি আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। তবে কালকের ম্যাজে তার খেলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মরিনহো পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছেন। তবে মেসুত ওজিল এবং এ্যাঞ্জেল ডি মারিয়ার মধ্যে একজনের জায়গায় হয়ত লুকা মোদ্রিককে দেখা যেতে পারে। এছাড়া আক্রমনভাবে করিম বেনজেমা এবং গঞ্জালো হিগুয়েইনের মধ্যে যেকোন একজনকে বেছে নিতে পারেন কোচ। |