গয়ানিয়া (ব্রাজিল), ২০ সেপ্টেম্বর (বাসস/এএফপি): পেনাল্টি থেকে শেষ মিনিটে নেইমারের দেয়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ২-১ গোলে জয়লাভ করেছে ব্রাজিল।
বুধবার ব্রাজিলের সেরা ডারুডায় অনুষ্ঠিত ম্যাচটির শেষ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার লেন্ড্রো দেসাবাতোর হ্যান্ডবলের প্রেক্ষিতে পেনাল্টি পায় ব্রাজিল। যেটিকে ব্রাজিলে উদীয়মান তারকা নেইমার গোলে পরিণত করে আনন্দে ভাসায় স্বগতিক দর্শকদের। বিলম্বিত গোলটি কোচ মানো মেনেজেসকেও স্বস্তির আবেস বুলিয়ে দেয়।
মেসি বিহীন আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলের বিপক্ষে এই জয় পেতে যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে আগামী বিশ্বকাপের আয়োজক দলটির। বিশেষ করে শুরুতেই পিছিয়ে পড়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এসময় বর্তমান কোচ মেনেজেসর বিরুদ্ধেও অসন্তুষ্টি প্রকাশ করেন দর্শকরা। তারা ২০০২ বিশ্বকাপ জয়ে ব্রাজিলের নেতৃত্ব দেয়া কোচ লুইস ফেলেপ স্কোলারিকে ফিরিয়ে আনারও দাবী জানায়।
শুধুমাত্র ঘরোয়া ফুটবলে অংশ নেয়া খেলোয়াড়দের নিয়ে গড়া ল্যাতিন আমেরিকার দুই পরাশক্তির দল দুটির দুই ম্যাচ সিরিজের এটি ছিল প্রথম প্রদর্শনী ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর আর্জেন্টিনার রেজিসটেনসিয়া নগরীতে।
ম্যাচের ২০ তম মিনিটেই স্বগতিকদের পিছিয়ে দেয় আর্জেন্টিনা। স্ট্রাইকার মার্টিনেজ সতীর্থ রক্ষণভাগের খেলোয়াড় ক্লেমেন্ত রড্রিগুয়েজের দূরপাল্লার শটের বল ব্রাজিলের গোলপোস্টের ভেতর থেকে নিয়ন্ত্রনে নিয়ে পরাস্ত করেন গোলরক্ষক জেফারসনকে। তবে ৬ মিনিট পর বিতর্কিত একটি গোল দিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনে ব্রাজিল। নেইমারের ফ্রি কীকের বলটি পলিনহো জালে জড়িয়ে দিয়ে গোল করলেও পরে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে যে তিনি অফসাইডে ছিলেন।
কোচ আলেসান্দ্রো সাবেলার আর্জেন্টাইন দলের বিপক্ষে চার ম্যাচে এটি ছিল ব্রাজিলের দ্বিতীয় জয়। ঘরোয়া লীগের খেলোয়াড়দের নিয়ে গড়া দলের মধ্যে এর আগে গত বছর আর্জেন্টিনায় অনুষ্ঠিত ম্যাচ গোল শূন্য ড্র হলেও ফিরতি ম্যাচে নিজেদের মাটিতে ২-০ গোলে জয়লাভ করেছিল ব্রাজিল। গত জুনে আমেরিকার নিউজার্সিতে পুর্নশক্তির জাতীয় দলের মধ্যে অনুষ্ঠিত আরেক প্রদর্শনী ম্যাচে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে হ্যাট্রিক করেন বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসি।
মেনেজেস দায়িত্ব নেয়ার পর ২০১৪ বিশ্বকাপের জন্য তাৎক্ষনিকভাবে গড়া ব্রাজিলের জাতীয় দলটি এর আগে ২০১০ সালেন নভেম্বরে কাতারে অনুষ্ঠিত আরেকটি প্রদর্শনী ম্যাচেও আর্জেন্টিনার কাছে হার মেনেছে ১-০ গোলে। যার প্রেক্ষিতে বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য নিয়োগ দেয়া কোচ মেনেজেসের সক্ষমতা নিয়ে দর্শকদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। মেনেজেসের ওপর দর্শকদের ক্ষোভ আরো বেড়েছে সদ্য সমাপ্ত অলিম্পিকের পর। লন্ডনে অনুষ্ঠিত ওই গেমসে মেক্সিকোর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে স্বর্ন পদক হাতছাড়া করে ব্রাজিলের অলিম্পিক ফুটবল দল।
খেলা শেষে মেনেজেস সাংবাদিকদের বলেন, দর্শকদের ওই আচরনের পরও তাদের বিরুদ্ধে তার কোন অনুযোগ নেই। সাও পাওলো থেকে লুকাসকে দলভুক্ত করায় তারা শুধু তাদের অসম্মতির কথা জানিয়েছে উল্লেখ করে কোচ বলেন, ‘ট্যাকটিক্যাল বিষয়ের দিকে চিন্তা করলে সে (লুকাস) ভালই খেলছে।’ |