ঢাকা, ২২ মার্চ (বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার আরও তিনজনকে সংস্থার পরিচালনা বোর্ডের সদস্য নিয়োগ করেছে।
নিয়োগপ্রাপ্ত পরিচালকরা হলেন- বাংলাদেশ সংবাদ সংস্থার সিটি এডিটর অজিত কুমার সরকার, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
বাংলাদেশ সংবাদ সংস্থার অধ্যাদেশ-১৯৭৯-এর ৯(২) ধারা অনুযায়ী গত ২০ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।
এ তিন সদস্যের নিয়োগের ফলে বাসস-এর ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালক বোর্ড গঠিত হলো। |