ঢাকা, ২২ মার্চ (বাসস) : তথ্য এবং সংস্কৃতি বিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, তথ্যই শক্তি। তিনি বলেন, তথ্যশক্তিকে কাজে লাগিয়ে আদর্শ সমাজ গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে।
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ গ্রন্থাগার সমিতির প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ সিদ্দিক খানের (এমএস খান) ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি তথ্যভিত্তিক সমাজ গঠনে তার সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি প্রফেসর ড. এম নাসির উদ্দিন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং দি ইনডিপেনডেন্ট’ পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুন-উর-রশিদ, সুলতান উদ্দিন আহমেদ ও আহমেদ কামরুল হাসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক তথ্য পেশাজীবীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী নিজেকে গ্রন্থাগার আন্দোলনের মহাযাত্রী উল্লেখ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উন্নয়ন সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
দি ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম বলেন, উন্নয়নে তথ্যের ভূমিকা অপরিসীম। তিনি তথ্যসমাজ গঠনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ গ্রন্থাগার সমিতির গবেষণা ও প্রকাশনা সম্পাদক নাফিজ জামান শুভ। তিনি বলেন, বিভিন্ন সময় শিক্ষা কমিশন রিপোর্টে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ খোলার সুপারিশ করা হলেও আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যলয় ছাড়া অন্য কোন বিশ্ববিদ্যালয়ে এ বিভাগটি খোলা হয়নি। তিনি তথ্যভিত্তিক সমাজ গঠনে ও গ্রন্থাগারভিত্তিক শিক্ষার উন্নয়নে জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ খোলার দাবি জানান।
এম এস খানের জন্মদিনটি ২০১০ সাল থেকে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি ‘গ্রন্থাগার দিবস’ হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।