ঢাকা, ২২ মার্চ (বাসস) : মহান বিজয় ও জাতীয় দিবস-২০১২ উপলক্ষে আজ রাজধানীতে ৯ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল এম আবদুল মুবিন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মোঃ জিয়াউর রহমান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ তাকে স্বাগত জানান।
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় বাংলাদেশ বিমান বাহিনীর জঙ্গি বিমান রঙিন ধোয়া ছেড়ে ফ্লাইপাস্ট করে। এ সময় প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সৈন্যরা কসরৎ প্রদর্শন করে।
প্রধানমন্ত্রী পরে প্রদর্শনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া হালকা ও ভারি সমরাস্ত্র প্রত্যক্ষ করেন।
অন্যান্যের মধ্যে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সংশ্লিষ্ট সচিব ও বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণ এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আগামী ২৩ মার্চ থেকে ২৭ মার্চ এবং ২৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকাল ৯টা ৩০ মি. থেকে বিকেল ৫টা ৩০ মি. পর্যন্ত প্রদর্শনী সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া ২৮ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ৩০ মিঃ পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যবর্গ ও সেনানিবাস এলাকার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য এবং ৩১ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ৩০ মিঃ পর্যন্ত সাধারণ লোকের পাশাপাশি রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক, ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন সেট ও ক্যামেরা বহন করা যাবে না। |