ঢাকা, ৩ এপ্রিল (বাসস) : ৮ম বেতন বোর্ড গঠনের দাবি আগামী ২১ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না করা হলে ২২ এপ্রিল গণঅনশনের ঘোষণা দিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এই কর্মসূচি ঘোষণা করে বলেন, ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ গণঅনশন পালন করা হবে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদকর্মীদের অবস্থান ধর্মঘটে সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া সংবাদকর্মীদের অবস্থান ধর্মঘট চলে দুপুর ৩টা পর্যন্ত।
ঐক্য পরিষদ ঘোষিত দাবি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না করায় বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মবিরতি পালন করা হয় বলে সমাবেশে উল্লেখ করা হয়।
সমাবেশে ইকবাল সোবহান চৌধুরী বলেন, এরপরও দাবি মানা না হলে সারাদেশের সব সংবাদপত্রে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দেয়া হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি রুহুল আমীন গাজী, বিএফইউজে মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি ওমর ফারুক ও আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ ও মো. বাকের হোসেইন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি আল-মামুন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, বাংলাদেশ সংবাদপত্র প্রেস-শ্রমিক ফেডারেশন সভাপতি আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিট প্রধানগণ। |