আঙ্কারা, ১৩ এপ্রিল (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, কসাভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিদানের বিষয়টি বাংলাদেশ সক্রিয়ভাবে বিবেচনা করছে।
এখানে আজ আঙ্কারা ইউনিভার্সিটিতে ‘জনগণের ক্ষমতায়ন’ বিষয়ে ভাষণদানের পরে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
‘আমরা ইতোমধ্যেই এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং কসাভোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শিগগিরই আপনারা সুখবর শুনতে পাবেন।’
অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যে কোন ধরনের গণহত্যার নিন্দা জানায়। এ ধরনের ব্যাপক হত্যাকাণ্ড সুস্পষ্টভাবে মানবাধিকারের লংঘন।
তিনি বলেন, আমরা ১৯৭১ সালে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছি। ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালে দখলদার বাহিনী ব্যাপক আকারে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। লাখ লাখ নিরপরাধ লোককে হত্যা করেছে।
১৯৭১ সালের ঘটনা ছিল একটি অপরাধমূলক কর্মকাণ্ড এবং চরমভাবে মানবাধিকার লংঘন।
তিনি বলেন, বিশ্বের যে কোন জায়গায় যে কোন ধরনের মানবাধিকার লংঘনকে বাংলাদেশ সবসময় নিন্দা জানায়। |