ঢাকা, ১৩ এপ্রিল (বাসস) : রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আশা প্রকাশ করেছেন যে, অতীতের বিভেদ ভুলে বাংলা নববর্ষ সবাইকে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে অনুপাণিত করুক।
তিনি আজ নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এই আশা প্রকাশ করেন।
বাণীতে রাষ্ট্রপতি বাংলা নববর্ষের প্রথম দিনে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে দেশবাসীকে শুভ নববর্ষ জানান।
রাষ্ট্রপতির তাঁর বাণীতে বলেন, বছর ঘুরে বাংলা নববর্ষ বাঙালির জীবনে সমাগত এক অফুরন্ত সম্ভাবনা নিয়ে। এটি চিরায়ত বাংলার বৈচিত্র্যময় ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। বাঙালির সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, আশা-আকাক্সক্ষা, আবেগ-অনুভূতি বিমূর্ত হয়ে ওঠে এদিনে।
তিনি বলেন, এদিন পুরনোকে পেছনে ফেলে নব উদ্যামে নতুনকে বরণ করে নেয় গোটা বাঙালি সমাজ। মেতে ওঠে অনাবিল আনন্দে। আমাদের পারিবারিক ও সামাজিক জীবন শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কৃষি-ব্যবসা-বাণিজ্য ইত্যাদি আয়োজনে বাংলা মাস ও তারিখের ভূমিকা চিরন্তন।
রাষ্ট্রপতি বলেন, আবহমানকাল ধরে তাই বাঙালি সমাজে বাংলা নববর্ষের আবেদন সার্বজনীন। এ প্রসঙ্গে তিনি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা-
‘ভেঙে দাও তবে আজিকার সভা,
আনো নব রূপ, আনো নব শোভা,
নতুন করিয়া লহো আরবার চির পুরাতন মোরে’- উদ্ধৃত করেন।
রাষ্ট্রপতি সবার জন্য শুভ ও কল্যাণকর বাংলা নববর্ষ-১৪১৯ কামনা করেন। |