ঢাকা, ১৬ এপ্রিল (বাসস) : মন্ত্রিসভা বাণিজ্য তালিকায় আরো পণ্য সংযোজনসহ একক লেন-দেনের পরিমাণ বৃদ্ধি করে ভারত-বাংলাদেশ ‘সীমান্ত হাট’ পরিচালনা পদ্ধতি সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে।
এই সংশোধনীতে একক লেন-দেনের পরিমাণ বর্তমান ৫০ মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে ১শ’ ডলার নির্ধারণসহ বাণিজ্য তালিকায় টয়লেট সামগ্রী, কসমেটিক্স, প্লাস্টিক ও অ্যালোমেনিয়াম সামগ্রী অন্তর্ভুক্ত করার প্রস্তাব আনা হয়েছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কেবিনেট সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, গত বছরের জুলাইয়ে কুড়িগ্রাম সীমান্তে বর্ডার হাট চালুর পর গত ৯ মাসের অভিজ্ঞতার আলোকে সংশোধনীর এই সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, এখন থেকে বিপণন পণ্যগুলো স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের পরিবর্তে ভারতে তৈরি বা বাংলাদেশের তৈরি বলে চিহ্নিত ও প্যাকেটজাত করা হবে।
কেবিনেট সচিব বলেন, বাংলাদেশ ইতোমধ্যে সীমান্ত হাট পরিচালনা পদ্ধতি সংশোধনীর ব্যাপারে ভারতের সঙ্গে সমঝোতায় পৌছেছে।
তিনি জানান, মন্ত্রিসভায় বর্তমান সরকারের তিন বছর তিন মাসের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বর্তমান মন্ত্রিসভা এ সময়ে ১শ’ ৪৫ বার বৈঠক করে ৯শ’ ৮৭টি সিদ্ধান্ত গ্রহণ করে। এর মধ্যে ৮শ’ ৯৭টি বাস্তবায়িত এবং অবশিষ্ট ৯০টি বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ১শ’ ৬৮টি বিল আইনে পরিণত হয় এবং ৩২টি বিল পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সময়ে সর্বমোট ৩১টি কৌশল ও নীতিমালা প্রনয়ণ এবং ৮২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অপরদিকে বিএনপি সরকারের ৩ বছর ৩ ম াসে ১শ’ ৪২টি বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারা ৫শ’ ২৩টি সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই সময় ১শ’ ৯টি আইন পাশ হয় এবং ১১টি নীতি ও কৌশলপত্র প্রনয়ণসহ ৩৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বৈঠকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তার সাম্প্রতিক অস্টেলিয়া সফর সম্পর্কে অবহিত করেন। |