সংসদ ভবন, ১৭ সেপ্টেম্বর (বাসস) : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, বাজার সম্প্রসারণ ও সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি খাতের একমাত্র মোবাইল ফোন অপারেটর টেলিটক পুঁজিবাজার হতে ৬০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের বজলুল হক হারুন, মোল্যা জালাল উদ্দিন, জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরী, আওয়ামী লীগের অপু উকিল, মনজুর কাদের কোরাইশী, ফজিলাতুন্নেছা বাপ্পীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এডভোকেট সাহারা খাতুন জানান, পুঁজিবাজার হতে মূলধন সংগ্রহের জন্য প্রাথমিক পর্যায়ের সকল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে আইপিও আবেদন ও প্রসপেক্টাস এসইসিতে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে।
ডাকঘর আধুনিকায়ন সংক্রান্ত প্রশ্নের জবাবে এডভোকেট মন্ত্রী জানান, দেশের সকল ডাকঘরকে পর্যায়ক্রমে আধুনিকায়নের মাধ্যমে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে ই-সেন্টারে রূপান্তর করা হবে। এই লক্ষ্যে পল্লী অঞ্চলের ৮ হাজার ৫শ’টি ডাকঘরকে পোস্ট ই-সেন্টারে রূপান্তরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর তারিখ হতে সকল ভয়েস কলের ট্যারিফ সর্বোচ্চ ১০ সেকেন্ড পাল্স নির্ধারণের জন্য সকল মোবাইল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে। তবে বেসরকারি মোবাইল অপারেটররা এ ব্যাপারে তাদের অসুবিধা জানিয়ে সময় চেয়ে আবেদন করেছে বলে মন্ত্রী জানান ।
ইলেকট্রনিক মানি অর্ডার সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, অধিকাংশ পোস্ট অফিসে কোন ভল্ট বা স্ট্রং রুম না থাকায় ডাক বিভাগের ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিসসহ অন্যান্য আর্থিক দায় পরিশোধের জন্য অন্য পোস্ট অফিস বা ব্যাংক হতে টাকার সংস্থান করতে হয়।
মন্ত্রী জানান, এভাবে সবসময় একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হওয়াতে ইএমটিএস-এর কমিশন কমানোর কোন পরিকল্পনা আপাতত নেই। তবে করপোরেট কাস্টমারদের জন্য আরো সাশ্রয়ী মূল্যে এই সেবা প্রদান করা যায় কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। |